পৌষের হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কান্তজীউ মন্দির–অমৃত কথা। শনিবার (১০ জানুয়ারি) খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামে শীতবস্ত্র বিতরণ ও ধর্মীয় শিক্ষামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।
উক্ত কর্মসূচিতে কান্তজীউ মন্দির–অমৃত কথা’র নিবেদিতপ্রাণ টিম সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সম্পা রায়, রানি রায়, রেন্টু কুমার সাহা ও জগন্নাথ স্যার। তাঁদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় মানবিক এই কার্যক্রম আরও প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।
কর্মসূচির অংশ হিসেবে গ্রামের অসহায় মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকলের মাঝে সনাতন ধর্মের শাশ্বত বাণী, নৈতিকতা ও আদর্শ নিয়ে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিশেষভাবে প্রণীত ধর্মীয় শিক্ষা শীট বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, সেবা ও ধর্মের এই পথচলা এখানেই শেষ নয়। আগামী ২২ তারিখে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে কান্তজীউ মন্দির–অমৃত কথা টিমের উদ্যোগে একটি বিশেষ ধর্মীয় ও সেবামূলক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মাহেন্দ্রক্ষণের জন্য এরই মধ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানান তারা।