ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারালে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার ঘটনায় চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধারকাজ পরিচালনা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। আগুন লাগার সঠিক কারণ ও দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সাবরিনা রিমি/










