লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ৮ দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি ছিল জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান। সেখান থেকেই আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রণজিত কুমার সাহা জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য সামান্য আহত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, বাহার উদ্দিন নামে এক ব্যবসায়ীর দোকানে গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলা মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের অন্য দোকানগুলোতে। প্রাথমিক হিসাবে এ ঘটনায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাবরিনা রিমি/