কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

সিলেটে নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমেধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো শুরু হয়। সিলেট জেলার ৬ টি আসনে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন।

বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজে রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম কেন্দ্রের দায়িত্বশীলদের কাছে ভোটের সরঞ্জামাদি তুলে দেন। এরআগে মঙ্গলবার সকালেই প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। এখন ভোটের অপেক্ষায় সকলে।

সিলেটের বিভাগে মোট ১৯ টি আসন রয়েছে। বিভাগের ৪ জেলার রিটার্নিং অফিসারদের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিভাগে মোট ভোটার ৭৮ লাখ ৫৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মোট ভোটার ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। সুনামগঞ্জে ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন, হবিগঞ্জে ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন, মৌলভীবাজারে ১৫ লাখ ১৬ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এবার সিলেটে শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, সিলেটে মোট ভোট কেন্দ্র আছে ১০১৬টি। বুধবার সকালে এসব কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি প্রেরণ করা হবে। নগরে সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকে সকালে সরঞ্জামাদি প্রেরণ শুরু হবে।

জেলা প্রশাসক বলেন, সিলেটে চারশ’র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এবার ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ সর্বোচ্চ সংখ্যক ফোর্স নিয়োজিত রয়েছে। অতীতের কোন নির্বাচনে এতো ফোর্স ছিলো না। এছাড়া ড্রোন ক্যামেরা থাকবে। ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা আশা করছি যেকোন মূল্যে একটা সুন্দর নির্বাচন করতে পারবো।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র‍্যাব-৯।

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। ভোটের দিন কোন অভিযোগ থাকলে কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেনে র‌্যাব।

সিলেটে ৫৫০ জন রর‌্যাব সদস্য ভোটের িাদন মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেটে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৫ টি। এসব কেন্দ্রে অধিক নজরদারি থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেষ সময়েও অভিযোগ: এদিকে, শেষ সময়েও এসে নানা অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে হাজির হচ্ছেন প্রার্থীরা।

প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়াছড়ি, সংখ‍্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা অভিযোগ এবং আশঙ্কার বিষয় জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান আহমদ চ‍ৌধুরী।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করে জানান, আমরা দেখতে পাচ্ছি- বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এলাকার জনসাধারণ ও ভোটারদের মাধ্যমে আরো জানতে পেরেছি, বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বাহিরাগতরা।

এরআগে সোমবার সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে বিএনপি।

-আহমেদ পাভেল