আমি আর কী করতে পারি, এটাকে আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি: আমির খান

বলিউডে আমির খান মানেই নিখুঁত কাজের প্রতিশ্রুতি। পর্দায় তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’, কিন্তু বাস্তব জীবনে তাঁর গল্প যেন কোনও রুদ্ধশ্বাস সিনেমার চেয়েও কম নাটকীয় নয়। বিশেষ করে নিজের আপন ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্ক নিয়ে গত ২৫ বছর ধরে চলা বিতর্ক, অভিযোগ আর পাল্টা অভিযোগ বহুবার শিরোনামে এসেছে। এতদিন নীরব থাকলেও সম্প্রতি সেই নীরবতা ভেঙেছেন আমির খান। ভাইয়ের আনা গুরুতর সব অভিযোগের জবাব দিতে গিয়ে আবেগও লুকোতে পারেননি তিনি।

এই দ্বন্দ্বের সূত্রপাত ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মেলা’ থেকে। আমির খানের ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা ছিল এই ছবি। তবে এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তাঁর ভাই ফয়সাল খান। প্রত্যাশা ছিল, ভাইয়ের হাত ধরেই বলিউডে নিজের জায়গা তৈরি করবেন ফয়সাল। কিন্তু বাস্তবতা হয় উল্টো। ছবির ব্যর্থতার পর থেকেই দুভাইয়ের সম্পর্কে শুরু হয় তিক্ততা, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।

এক সাক্ষাৎকারে ফয়সাল আরও বলেন, তাকে ‘পাগল’ সাজিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল। তার দাবি অনুযায়ী, একদিন প্রায় ৪০ জন লোক তার বাড়িতে হানা দেয়। জোর করে ওষুধ খাওয়ানো হয়, কেড়ে নেওয়া হয় ফোন। সেদিন কোনোভাবে পালাতে না পারলে হয়তো আজীবন বন্দিজীবন কাটাতে হতো—এমন কথাও বলেছেন তিনি। এই ঘটনার পর ধীরে ধীরে পরিবার থেকে নিজেকে গুটিয়ে নেন ফয়সাল, এমনকি পারিবারিক সম্পত্তি থেকেও দূরে সরে যান।

ফয়সাল খান পরবর্তী সময়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আমির ও পরিবারের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘মেলা’ সিনেমার শুটিং চলাকালীন তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করা হয়েছিল। এমনকি নিজের প্রাণনাশের আশঙ্কাও করেছিলেন তিনি। ফয়সালের ভাষায়, তাঁকে মানসিকভাবে অস্থির প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, যাতে তার স্বাধীনতা কেড়ে নেওয়া যায়।

এতদিন এসব অভিযোগ নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি আমির খান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ভাইয়ের অভিযোগ প্রসঙ্গে আমির খান বলেন, “আমি আর কী করতে পারি? এটাকে আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি।” কথার মাঝেই তার কণ্ঠে ধরা পড়ে অসহায়ত্ব। তিনি আরও বলেন, “আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?”

পাল্টা কোনও কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি আমির। বরং তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভাইয়ের প্রতি তার কোনও বিদ্বেষ নেই। উল্টো তিনি চান, ফয়সাল খান আবার অভিনয়ে ফিরুক। আমির বলেন, “আমি চাই ও আবার কাজ করুক। যদি ইন্ডাস্ট্রিতে কেউ ওকে সুযোগ না দেয়, তাহলে আমি নিজেই ওর সঙ্গে কাজ করতে রাজি।”

এই মন্তব্যের পর আবারও আলোচনায় উঠে এসেছে আমির-ফয়সাল সম্পর্কের জটিল অধ্যায়। দীর্ঘ ২৫ বছরের দূরত্ব কি কখনও ঘুচবে? নাকি এই ভাইয়ের দ্বন্দ্ব বলিউডের সবচেয়ে বেদনাদায়ক পারিবারিক গল্প হিসেবেই থেকে যাবে—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

-বিথী রানী মণ্ডল