গুজরাট টাইটান্সের ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার ভারত–পাকিস্তান সম্পর্ক নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ কথা বলতে গিয়ে চলমান ভারত–পাকিস্তান বিরোধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। একই সঙ্গে এশিয়া কাপ ২০২৫ জয়ের পর ট্রফি গ্রহণ না করার ভারতীয় দলের সিদ্ধান্তেও হতাশা জানান তিনি।
পডকাস্টে হোল্ডার বলেন, পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতের ট্রফি গ্রহণ ও আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
হোল্ডারের ভাষায়, “আমি ভারত–পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না।”
সাবেক এই অলরাউন্ডার মনে করেন, ক্রিকেটারদের দায়িত্ব কেবল মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়। “ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না,”—যোগ করেন তিনি।
হোল্ডারের মতে, পরিবর্তনের সূচনা হওয়া উচিত প্রভাবশালী দেশ ও খেলোয়াড়দের হাত ধরেই। “ভারত ও পাকিস্তান দুই দেশই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো বা পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।”
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইপিএল ২০২৬ মৌসুমে গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নেন হোল্ডার। নিলামে প্রায় ৭ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডার এখনো দলে থাকলেও, আসন্ন মৌসুমের আগে তার মন্তব্য ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি তাকে বাদ দিয়ে বিকল্প ভাবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
-এমইউএম










