রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ওয়াশিংটনের আরোপিত শুল্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘তেমন একটা খুশি নন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ’।”
ভারতের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করলেও শুল্ক ইস্যুতে অনড় অবস্থান জানান দেন ট্রাম্প। তিনি বলেন, “তার (মোদি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি আমার ওপর খুব একটা খুশি নন। আপনারা জানেন, এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি।”
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ২৫ শতাংশসহ বর্তমানে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প যোগ করেন যে, ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে।
শুল্ক নিয়ে অসন্তোষ থাকলেও প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ভারত তাকে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার কথা জানিয়েছে। ট্রাম্প বলেন, “আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ইতোমধ্যে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।”
বিশ্লেষকদের মতে, একদিকে শুল্ক আরোপের কড়াকড়ি এবং অন্যদিকে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির প্রতিশ্রুতি—ট্রাম্পের এই ‘গিভ অ্যান্ড টেক’ নীতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
-এম. এইচ. মামুন










