আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটগ্রহণ চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে মোমবাতি প্রতীক ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।

আহতদের মধ্যে আছিফ (২৪), শাহদাত (২৫), মুনতাছির (২৭), আরিফ (২০), রুবেল (২৬) ও একরাম (২৬) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মোমবাতি প্রতীকের সমর্থক। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোমবাতি সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থকদের একটি দল কেন্দ্রের বাইরে এসে তাদের ওপর হামলা চালায়। তবে বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রিসাইডিং কর্মকর্তা মো. হাসানুল হক জানান, সংঘর্ষটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবরিনা রিমি/