ভাঙ্গায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আহত নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি ও ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে।

আহত জামায়াত নেতা নুর আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত ইসলামী প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথে তার মোবাইলে একটি কল আসে। পরে মোটরসাইকেলটি দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসেই বলে তুই জামায়াত করোস, এই বলেই অকোথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও জানান, হামলাকারী ২ জন হেলমেট পরে ছিল, তাই তাদের আমি চিনতে পারেননি তিনি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন তিনি।

ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-সাইমুন