চ্যাটজিপিটিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক

ছবি: সংগৃহীত

নতুন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। ওপেনএআই উদ্ভাবিত চ্যাটজিপিটি নিজেকে শুধু প্রশ্নোত্তরের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ অ্যাপ ইকোসিস্টেমে রূপ দিচ্ছে। এরই ধারাবাহিকতায় চ্যাটজিপিটির ভেতরে চালু হয়েছে আলাদা অ্যাপ ডিরেক্টরি, যেখানে যুক্ত হয়েছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক।

নতুন এই ইন্টিগ্রেশনের ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মাধ্যমেই বিভিন্ন ভাষার গান খুঁজতে পারবেন, নিজের পছন্দ অনুযায়ী প্লে-লিস্ট তৈরি করতে পারবেন এবং মিউজিক লাইব্রেরি সাজানোর কাজও সহজে করা যাবে। যদিও চ্যাটজিপিটির ভেতরে পুরো গান শোনার সুযোগ নেই, তবে গানের সংক্ষিপ্ত নমুনা শোনা যাবে। পূর্ণ গান শুনতে হলে ব্যবহারকারীকে অ্যাপল মিউজিক অ্যাপে যেতে হবে।

এই সংযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন সিস্টেম। চ্যাটজিপিটি আগের কথোপকথনের ভিত্তিতে ব্যবহারকারীর সংগীতপছন্দ বুঝে নতুন গান বা শিল্পীর পরামর্শ দিতে পারবে। ফলে কার কী ধরনের গান ভালো লাগে, তা আরও নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হবে।

ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট নির্দেশ দিয়েও প্লে-লিস্ট বানাতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, “রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে একটি প্লে-লিস্ট তৈরি করো” কিংবা কোনো জনপ্রিয় সিনেমা বা টিভি সিরিজের থিম অনুযায়ী গানের তালিকা বানানোর অনুরোধ করা যাবে। চ্যাটজিপিটি সেই অনুযায়ী গান নির্বাচন করে সরাসরি অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে প্লে-লিস্ট যুক্ত করে দেবে।

এ ছাড়া গানের নাম পুরোপুরি মনে না থাকলেও সমস্যা নেই। কোনো দৃশ্য, মুড বা সিনেমার সূত্র ধরে গান খুঁজতে অনুরোধ করলে চ্যাটজিপিটি সেই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য গান খুঁজে বের করতে সাহায্য করবে।

চ্যাটজিপিটিতে অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে অ্যাপ ডিরেক্টরিতে গিয়ে অ্যাপল মিউজিক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। সংযোগ সম্পন্ন হলে চ্যাটে “@Apple Music” লিখে এই সুবিধা ব্যবহার করা যাবে।

-সাবরিনা রিমি