সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত, মুস্তাফিজকে ছাড়ার নির্দেশ বিসিসিআইর

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বোচ্চ পর্যায় থেকেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বিসিসিআইর একটি সূত্রের বরাতে বলা হয়েছে, বোর্ডের শীর্ষ মহল থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না এবং কেকেআরকে তাকে ছেড়ে দিতে বলা হবে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের তারকা পেসারকে বাদ দেওয়ার দাবিতে ভারতে কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থি সংগঠন কয়েক দিন ধরেই বিক্ষোভ চালাচ্ছিল। আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআইর এক কর্মকর্তা জানান, “আমরা নিজেরাও সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।”

এতে স্পষ্ট হয়, মুস্তাফিজকে ছাঁটাইয়ের বিষয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায় অনড় ছিল এবং সিদ্ধান্ত শুধু জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সাইকীয়াই সেই নির্দেশ কেকেআরকে পৌঁছে দেন।

গত শনিবার মুস্তাফিজ প্রসঙ্গে দেবজিৎ সাইকীয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চাইলে বোর্ড তাদের অনুমতি দেবে।”

এই ঘটনার প্রভাব এরই মধ্যে বহুদূর গড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না বাংলাদেশ দল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

শুধু তাই নয়, গতকাল (সোমবার) বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল–সংক্রান্ত কোনো অনুষ্ঠান বা ম্যাচ সম্প্রচার করা যাবে না।

-এমইউএম