শ্রীপুরে বেশি দামে এলপিজি বিক্রি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাহমুদুল হাসান | শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আমতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম। অভিযানে বিসমিল্লাহ ইলেকট্রনিক্স নামক একটি এলপিজি গ্যাস পরিবেশক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, “ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শ্রীপুরে এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এর আগে গতকাল রোববারও (৪ জানুয়ারি) বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই খুচরা বিক্রেতা এবং তিন ডিলারকে ৫টি মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

বাজারে কৃত্রিম সংকট তৈরি বা মূল্যবৃদ্ধির অপচেষ্টা রুখতে প্রশাসনের এই তৎপরতাকে সাধারণ ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন।