জুলাই গণঅভ্যুত্থান: গৌরীপুর ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত দিন থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে আরও সময়ের আবেদন করা হয়। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার আদালতে মামলার অগ্রগতি তুলে ধরেন এবং তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত দুই সপ্তাহ সময় চান। আদালত শুনানি শেষে ১৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
বুধবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে এ মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উপস্থিত আসামিরা হলেন: ১. তানজির আহমেদ রাজিব (ময়মনসিংহ-৩ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে)। ২. শফিকুল আলম (গৌরীপুর থানার তৎকালীন এসআই)। ৩. দেলোয়ার হোসাইন (তৎকালীন এএসআই)। ৪. শাহাবুল আলম (স্থানীয় আওয়ামী লীগ নেতা)। ৫. জোসেফ উদ্দিন জজ (স্থানীয় আওয়ামী লীগ নেতা)। ৬. আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ (স্থানীয় আওয়ামী লীগ নেতা)।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিনে ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই নৃশংস হামলায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী এবং মো. জুবায়ের শহীদ হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
লামিয়া আক্তার