সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

ইসমাইল ইমন | চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-তে দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির। সোমবার (৫ জানুয়ারি) সিএমপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। এ সময় বিদায়ী অতিথি মোঃ হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “বিদায়ী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের কর্মজীবন সিএমপি’র জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আন্তরিকতা ও কর্মদক্ষতা সিএমপি’র কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি আরও যোগ করেন, “বিদায় মানেই শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা। আমরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

উপস্থিত কর্মকর্তাদের পদোন্নতি ও অংশগ্রহণ
অনুষ্ঠানে সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী অতিথির স্মৃতিচারণ করেন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত চারজন কর্মকর্তা—উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম। অনুষ্ঠানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পদোন্নতি ও বিদায়ের এই সন্ধিক্ষণে সিএমপি কার্যালয়ে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান।