শ্রীলঙ্কায় একসঙ্গে সিয়াম ও সুস্মিতা

আসন্ন ঈদে বড় পর্দায় হাজির হতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় তৈরি এই সিনেমার শুটিং দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। খবর পাওয়া গেছে, গত রোববার (৪ জানুয়ারি) রাতে সিনেমার একটি বড় অংশের শুটিং করতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন ‘রাক্ষস’ টিম।

নির্মাতা সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ন হবে। এর আগে গত মাসে ঢাকায় সিনেমার শুটিং শুরু হয়েছিল। প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় শুটিং শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরে আসবে, যেখানে বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার বলিষ্ঠ গল্পের কারণেই তিনি এতে অভিনয় করতে রাজি হয়েছেন। তিনি বলেন, “গল্পটি শুনে আমি মুগ্ধ হই। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ আছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি।”

রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে ক্যারিয়ার শুরু করা সুস্মিতা এর আগে ‘চেঙ্গিজ’ এবং ‘মানুষ’সহ বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। কয়েকদিন ধরে দুবাইতে ব্যস্ততার মধ্যে ছিলেন তিনি। বর্তমানে নাকি ভারতে অবস্থান করছেন; তবে শিগগিরই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

অ্যাকশন এবং ভায়োলেন্সের মিশেলে নির্মিত হতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমায় দেখা যাবে একটি বিশেষ প্রেমের গল্প, যার শেষপর্যায়ে সিয়ামের চরিত্রটি ‘রাক্ষস’ হয়ে ওঠে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে তৈরি এই সিনেমায় আরও অভিনয় করছেন বাপ্পারাজ ও আলীরাজসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পেলে ঈদ দর্শকদের জন্য একটি নতুন একশন ও রোমান্সের সংমিশ্রণ উপহার দেবে।

বিথী রানী মণ্ডল/