পাকিস্তানের স্কোয়াডে বাদ রিজওয়ান, অধিনায়ক সালমান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চমক দিল। ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন পাকিস্তানের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মূল স্তম্ভ থাকা রিজওয়ানের এই বাদ পড়া ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আঘাকে। বাবর আজম এবং পেস আক্রমণের নেতা শাহীন আফ্রিদি থাকায় শক্তিশালী নেতৃত্ব ও অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

রিজওয়ানকে বাদ দিয়ে নির্বাচকরা স্পষ্ট বার্তা দিয়েছেন— এবার পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংই প্রধান লক্ষ্য। ওপেনিংয়ে পাকিস্তান এবার সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ওপর ভরসা রাখছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আক্রমণাত্মক ব্যাটার উসমান খাজাকে।

বোলিং আক্রমণে পাকিস্তান আগের মতো শক্ত। ভয়ংকর পেস ত্রয়ী— শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ ফিট অবস্থায় দলে ফিরেছেন। সঙ্গে আছেন তরুণ পেসার সালমান মির্জা। স্পিন বিভাগে ইনজুরি কাটিয়ে ফিরেছেন শাদাব খান, সঙ্গে আছেন মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ ও ভিন্নধর্মী অ্যাকশনের উসমান তারিক। অলরাউন্ড ভারসাম্যে রয়েছেন মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফ।

আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পাকিস্তান দল পরিবর্তনের সুযোগ রাখে, যেখানে টেকনিক্যাল কমিটির অনুমতি লাগবে না।

পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬)

সালমান আঘা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, বাবর আজম, উসমান খাজা (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, সালমান মির্জা, আবরার আহমেদ, উসমান তারিক।

– এমইউএম/