২০২৬ সালে স্যামসাং স্মার্ট টিভিতে সরাসরি ব্যবহার করা যাবে গুগল ফটোস

ছবি: সংগৃহীত

বড় পর্দায় নিজের ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন উদ্যোগ নিচ্ছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, ২০২৬ সাল থেকে তাদের স্মার্ট টিভিতে সরাসরি গুগল ফটোস ব্যবহারের সুবিধা চালু করা হবে। এর ফলে অ্যান্ড্রয়েড টিভিতে কাস্ট করা বা আলাদা অ্যাপ ইনস্টল করার ঝামেলা ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে ব্যক্তিগত ছবি ও ভিডিও।

স্যামসাংয়ের এক ঘোষণায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে টিভিতে গুগল ফটোসের ‘মেমোরিজ’ ফিচার যুক্ত করা হবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর গুগল ফটোস অ্যাকাউন্টে সংরক্ষিত বাছাই করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় পর্দায় প্রদর্শিত হবে। তবে প্রথম ছয় মাস এই সুবিধা একচেটিয়াভাবে স্যামসাং টিভিতেই পাওয়া যাবে।

টিভিতে গুগল ফটোস ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজ নিজ গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এতে টিভির সঙ্গে সরাসরি গুগল ফটোস লাইব্রেরির সংযোগ স্থাপন হবে এবং সংরক্ষিত কনটেন্ট সহজেই দেখা যাবে।

এ ছাড়া ভবিষ্যতে গুগল ফটোসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) আরও কিছু ফিচার যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে স্যামসাং। এসব ফিচারের মধ্যে রয়েছে ন্যানো বানানা প্রযুক্তিনির্ভর টেমপ্লেট, ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা এবং ‘রিমিক্স’ ফিচার, যার মাধ্যমে বিদ্যমান ছবিকে ভিন্ন ভিজ্যুয়াল স্টাইলে রূপান্তর করা যাবে।

গুগল ফটোস ও গুগল ওয়ানের ভাইস প্রেসিডেন্ট শিমরিত বেন ইয়ার এক বিবৃতিতে বলেন, গুগল ফটোস ইতোমধ্যেই মানুষের ছবি ও ভিডিও সংরক্ষণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। স্যামসাং টিভিতে এই সেবা যুক্ত হলে ব্যবহারকারীরা বড় পর্দায় প্রিয় মুহূর্তগুলো আরও নতুনভাবে উপভোগ করতে পারবেন।

সূত্র: টেকক্রাঞ্চ

সাবরিনা রিমি/