দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বর্তমানে ৭ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। এর মধ্যে গত ডিসেম্বর মাসেই ১ লাখ ৩১ হাজার নতুন প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ ক্যাম্পেইন ও জরিপের মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাটে নিবন্ধিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে তা বেড়ে ৭ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। এনবিআর ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করেছে। এছাড়া ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনও চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুল্ক, ভ্যাট ও আয়করের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায় হয় ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্বের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা সম্প্রসারণে আইন পরিবর্তন করে এখন ৫০ লাখ টাকার বেশি টার্নওভার হলে প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে, যা আগে ৩ কোটি টাকা ছিল। এছাড়া ভ্যাট নিবন্ধন, অনলাইনে সরকারি কোষাগারে জমা, অনলাইন ভ্যাট রিটার্ন এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত ভ্যাট ফেরত পাওয়ার ব্যবস্থা সহজ করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও সহজ ও ব্যবহারবান্ধব ভ্যাট রিটার্ন সিস্টেম চালু করা হয়েছে।
আফরিনা সুলতানা/










