দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্বাচন চলাকালে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (৪ জানুয়ারি) থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড অথবা নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত আইডি/পাস কার্ড প্রদর্শন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের সময় পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
মালিহা নামলাহ










