বিনোদন ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন ফ্র্যাঞ্চাইজি নাগিন ৭-এর সাম্প্রতিক একটি পর্বে প্রাক্তন মহা নাগিনদের উদ্দেশে নির্মাতা একতা কাপুরের এআইনির্ভর ট্রিবিউট ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে শোটি।
প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর নাগিনে রূপান্তরের বহু প্রতীক্ষিত দৃশ্যটি উদযাপন করতে ওই পর্বে আগের ছয়জন জনপ্রিয় মহা নাগিন— মৌনী রায়, সুরভি চন্দনা, সুরভি জ্যোতি, নিয়াশর্মা ও তেজস্বী প্রকাশসহ অন্যদের—নাগিন অবতারে দেখানো হয়। তবে বাস্তব উপস্থিতির বদলে এআই দিয়ে তৈরি ভিজ্যুয়াল ব্যবহার করায় দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে নেটিজেনরা একে “ক্রিঞ্জ” ও “অপ্রয়োজনীয় এআই ফিকেশন” বলে আখ্যা দিয়েছেন। রেডিটে এক ব্যবহারকারী লেখেন, “একতা কাপুরের ছয় মহা নাগিনকে নিয়ে এআই ট্রিবিউট।” মন্তব্যে অনেকেই বলেন, এ ধরনের এআই এডিটের বদলে আগের মৌসুমের অভিনেত্রীদের সরাসরি হাজির করাই ভালো হতো। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভিএফএক্স বাজেটের ঘাটতির কারণেই কি নির্মাতারা অতিরিক্ত এআইয়ের ওপর নির্ভর করছেন?
তীব্র সমালোচনা সত্ত্বেও নাগিন ৭ দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। ২০১৫ সালে মৌনী রায়কে নিয়ে শুরু হওয়া নাগিন ফ্র্যাঞ্চাইজি ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্যান্টাসি ড্রামা হিসেবে পরিচিত। পৌরাণিক গল্প, অতিপ্রাকৃত শক্তি ও রোম্যান্সের মিশেলে গড়া এই সিরিজে সময়ের সঙ্গে বদলেছে গল্প ও মুখ্য চরিত্র।
চলতি মৌসুমে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী অভিনীত মহা নাগিন অনন্তার সঙ্গে অভিনয় করছেন ঈশা সিং, নামিক পল ও অ্যালিস কৌশিক। নাগিন ও এক ড্রাগনের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে এগোচ্ছে নাগিন ৭, যা বর্তমানে কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে এবং জিও হটস্টারে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ।
এম এম সি/










