আজ নতুন দাম আসতে পারে এলিপি গ্যাসের

চলতি জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ রোববার (৪ জানুয়ারি) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির এই দাম সমন্বয় করা হবে। আজ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই নির্দেশনা জারি করা হবে।
গত ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে মাঠপর্যায়ে এই দামের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার মিলছে না বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ীদের দাবি, শীতের মৌসুমে বিশ্ববাজারে চাহিদা বেড়ে যাওয়া এবং আমদানিকৃত গ্যাসের জাহাজ সংকটের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) একে ‘কৃত্রিম সংকট’ বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, বড় কোম্পানি ও ডিলাররা সিন্ডিকেট করে বাজার অস্থির করে তুলেছে।
আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারের দাম ও বর্তমান সংকটের প্রেক্ষাপটে বিইআরসি দাম বাড়াবে নাকি সাধারণ মানুষের স্বস্তির কথা ভেবে কঠোর কোনো মনিটরিং ব্যবস্থার ঘোষণা দেবে, সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, ডিলার ও আমদানিকারকদের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে বিইআরসি ও বিপিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকের দাম ঘোষণার পর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের প্রত্যাশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

 

-এম. এইচ. মামুন