চ্যাম্পিয়নদের জালে ১২ গোল! দীপার তোপে রাজশাহীর রেকর্ডগড়া জয়

অর্ণব চাকমা:  নারী ফুটবল লিগের শুরুতেই বড় অঘটন আর রেকর্ডের জন্ম দিল রাজশাহী স্টার্স। বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে একপেশে এই ম্যাচে নেপালি ফরোয়ার্ড দীপা শাহী একাই ৪ গোল করে চ্যাম্পিয়নদের রক্ষণভাগ তছনছ করে দেন।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে জয়ের ভিত গড়ে নেয় রাজশাহী। তবে বিরতির পর তাদের আক্রমণ যেন আরও ধারালো হয়ে ওঠে, যার ফলে দ্বিতীয়ার্ধে নাসরিনের জালে বল জড়ায় আরও ৮ বার। দীপার হ্যাটট্রিকসহ চার গোলের পাশাপাশি জোড়া গোল করে উৎসবে যোগ দেন সৌরভী আকন্দ প্রীতি ও শাহেদা আক্তার রিপা।

চলতি লিগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের জয়। ফরাশগঞ্জের ১০-০ গোলের রেকর্ড ভেঙে দিয়ে শিরোপাধারীদের বিপক্ষে এমন বিধ্বংসী জয়ে লিগের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল রাজশাহী স্টার্স।