১৩ লাখ ৪ হাজার ভোটার নিবন্ধন পোস্টাল ভোট বিডিতে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবর্তিত ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া মিলেছে। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৩ লাখ ৪ হাজার ৬৪০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৫ লাখ ৮২ হাজার ৩২৯ জন দেশের ভেতর থেকে এবং বাকি ৭ লাখের বেশি ভোটার বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৬৫০ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে (২ লাখ ৫ হাজার ৬১৩ জন)। এছাড়া কাতার, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধন জমা পড়েছে। দেশের অভ্যন্তরে নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রাম জেলা।
প্রবাসীদের ব্যাপক আগ্রহের কারণে নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে কমিশন। ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ভোট প্রদান শেষে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

এই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থার আওতায় তিন ক্যাটাগরির ভোটাররা ভোট দিতে পারবেন: ১. বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি। ২. নির্বাচনি ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবীরা। ৩. আইনি হেফাজতে থাকা ব্যক্তি (কারাবন্দি)।
ইসি সচিবালয় জানিয়েছে, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে বর্তমান কমিশন।

 

-এম. এইচ. মামুন