মুস্তাফিজ বিতর্কে আইসিসিকে চিঠি দেবে বিসিবি

 স্পোর্টস ডেস্ক: ভারতীয় সমর্থকদের ক্রমবর্ধমান প্রতিক্রিয়া ও চাপের পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। এটি ঘিরে ক্রিকেট মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। এমন গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও প্রকট হয়ে উঠেছে।

এ অবস্থায় চলতি বছর বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সাদা বলের দুটি সিরিজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজ ইস্যু ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে সেই সফরের সময়সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে।

এসব পরিস্থিতি পর্যালোচনা করে আগামী রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা।

বিসিবির পক্ষ থেকে আইসিসির সিকিউরিটি ইউনিটে পাঠানো ই-মেইলে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের নিরাপত্তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করার পাশাপাশি বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও চিঠিতে অন্তর্ভুক্ত থাকবে।