কারাকাসে একাধিক বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দোষারোপ ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান দেখা গেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বিস্ফোরণের পর রাজধানীর দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লা কার্লোটা বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যায়।

ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের “সামরিক আগ্রাসন” হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়, কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুইরা রাজ্যেও বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে কারাকাস, তবে এ ধরনের চেষ্টা “কখনোই সফল হবে না” বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘটনার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদক লুসিয়া নিউম্যান জানান, বিস্ফোরণের পর কারাকাসের আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। শনিবার ভোরে ধারণ করা ভিডিও ফুটেজে পানির ধারে অবস্থিত একটি স্থাপনার পাশ থেকে আগুনের গোলা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। বিস্ফোরণগুলো রাজধানীর প্রধান সামরিক ঘাঁটি ফোরতুনা (লা কার্লোটা এলাকা) বা তার আশপাশে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে সতর্কতা জোরদার করেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিস্ফোরণের পূর্ণ ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন।

এম এম সি/