গ্ল্যামার নয়, গল্পই তুষির শক্তি

সাড়ে তিন বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। তাই অনেকের মনেই প্রশ্ন—‘হাওয়া’ ছবির পর তিনি কি হারিয়ে গেলেন? সেই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন তুষি নিজেই—না, তিনি হারাননি। নিয়মিতই কাজ করে গেছেন, শুধু সেগুলো এখনো মুক্তি পায়নি।

২০১৫ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় লাক্স তারকা তুষির। এরপর ‘হাওয়া’য় অভিনয়ের সুযোগ পেতে কেটে যায় প্রায় সাত বছর। এক দশকের ক্যারিয়ারে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা কম হলেও কাজ বেছে নেওয়ার ব্যাপারে বরাবরই সচেতন ছিলেন তিনি। তুষির ভাষায়, ‘হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, তাই কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।’

২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘হাওয়া’–তে অভিনয়ের মাধ্যমে নতুন করে দর্শকের নজরে আসেন নাজিফা তুষি। ছবিটিতে তার অভিনয় প্রশংসিত হয় দেশ-বিদেশে; কিন্তু সেই সাফল্যের পর দীর্ঘদিন তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এ নিয়ে দর্শকের কৌতূহল থাকাই স্বাভাবিক। তুষি বলেন, অনেক দিন তার কাজ মুক্তি না পাওয়ায় দর্শকেরা ধরে নিয়েছেন তিনি নেই, অথচ বাস্তবে তিনি টানা কাজ করে গেছেন।

‘হাওয়া’ মুক্তির পর প্রায় ছয় মাস বিরতি নেন তুষি। এরপর গত তিন বছর ধরে টানা সিনেমার শুটিং করেছেন। তাঁর কথায়, ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন এখনই। এর মধ্যে শেষ করেছেন মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’ এবং আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি সিনেমার শুটিং। সামনে মার্চে শুরু করবেন এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। পাশাপাশি আরও একটি সিনেমার কাজ চলছে, যার ঘোষণা আসবে শিগগির।

‘রইদ’ সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে। উৎসব পর্ব শেষ করে এ বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এই ছবিতে তুষির চরিত্রের কোনো নাম নেই—তিনি ‘সাদুর বউ’। নামহীন এই চরিত্রের মধ্য দিয়ে সমাজে নারীর পরিচয়হীনতার বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

গুলতি থেকে সাদুর বউ—গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করতেও দ্বিধা নেই তুষির। তার কাছে গ্ল্যামার নয়, চরিত্রের গভীরতাই মুখ্য। নতুন বছরে একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকা এই অভিনেত্রী এখন দর্শকের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে আছেন। তার লক্ষ্য একটাই—ভালো চরিত্র, ভালো কাজ আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করা।

-বিথী রানী মণ্ডল