মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের

আইপিএল ২০২৬ মৌসুমের দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটিকে বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজের পরিবর্তে তারা অন্য খেলোয়াড় (রিপ্লেসমেন্ট) দলে নেওয়ার অনুমতি পাবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে (ANI) বলেন, “চারপাশে চলমান সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। একই সঙ্গে বিসিসিআই জানিয়েছে, তারা যদি এর পরিবর্তে কোনো খেলোয়াড় নিতে চায়, তবে বোর্ড সেই অনুমতি দেবে।”

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এবং সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া নিয়ে ভারতে রাজনৈতিক ঝড় ওঠে। এরই ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত এলো।

এর আগে, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর কেকেআরে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করায় দলটির মালিক ও বলিউড তারকা শাহরুখ খানের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকার বিশাল অঙ্কে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছিল।

দেবকীনন্দন ঠাকুর বলেন, “বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে… এমন নৃশংসতা দেখার পরও একজন দলের মালিক কীভাবে এতটা হৃদয়হীন হতে পারেন? সেই দেশের কোনো ক্রিকেটারকে নিজের দলে নেওয়া নিষ্ঠুরতা।”

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও দাবি করেন, বাংলাদেশি পেসারকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি এএনআইকে বলেন, “শাহরুখ খানের কি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কোনো খবর নেই?… এটা দুঃখজনক যে সব জেনেও কেকেআর নিলামে একজন বাংলাদেশি খেলোয়াড়কে বেছে নিয়েছে।”

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও সতর্ক করে বলেছিলেন, ভারতের মানুষ ক্ষুব্ধ। শাহরুখ খান নিজে কোনো রোষানলে পড়ার আগেই যেন তার দলের বাংলাদেশি খেলোয়াড়কে সরিয়ে দেন।

অন্যদিকে, এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে প্রশ্ন তোলেন, প্রথমেই কেন বাংলাদেশি খেলোয়াড়দের নিলামের তালিকায় রাখা হলো। তিনি বলেন, “প্রথমেই আমি জানতে চাই, কে বাংলাদেশি খেলোয়াড়দের সেই পুলে রেখেছে? এই প্রশ্ন বিসিসিআই এবং আইসিসির কাছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর উত্তর দেওয়া উচিত কে বাংলাদেশি খেলোয়াড়দের সেই পুলে রেখেছে যেখানে আইপিএল খেলোয়াড় কেনাবেচা হয়… তিনি আইসিসির প্রধান এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম নীতিনির্ধারক।”

বিসিসিআইয়ের এই হস্তক্ষেপের ফলে এখন মুস্তাফিজের কার্যকর বিকল্প খুঁজতে হবে কেকেআরকে।

-অর্ণব