সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার পর আজ (২ জানুয়ারি, ২০২৬) সেখানে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সদস্যারা দায়িত্ব পালন করছেন।
বেগম জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করছেন।
আজ দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ জুমার নামাজের পর দেশব্যাপী সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
মামুন/










