নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির উদ্যোগে এই জানাজা সম্পন্ন হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার আগে নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি উপদেষ্টা সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদানের কথা স্মরণ করেন।
নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এডিশনাল পিপি এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আফরিনা সুলতানা/










