হামাসের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে শিগগির নতুন সামগ্রিক নেতা নির্বাচন করতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সৌদি সংবাদমাধ্যম আল-শার্ক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান নির্বাচনে গাজার রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। সাবেক হামাস প্রধান খালেদ মেশালও এই দৌড়ে রয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে হামাস নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়, সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জেনারেল শূরা কাউন্সিল—আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচন করবে। এই কাউন্সিলে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং প্রবাসী ফিলিস্তিনিদের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন সদস্য রয়েছেন।

জেনারেল শূরা কাউন্সিলের ভোটের মাধ্যমেই হামাসের জেনারেল পলিটিক্যাল ব্যুরোর নতুন প্রধান নির্ধারিত হবে। গাজায় যুদ্ধবিরতির বাস্তবতায় এই নেতৃত্ব পরিবর্তন হামাসের ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম এম সি/