খালেদা জিয়ার জানাজায় ৩ জোন, দেখে নিন কারা কোথায় থাকবেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। জনসমাগম ও শৃঙ্খলার কথা মাথায় রেখে পুরো এলাকাকে রেড, হোয়াইট ও গ্রিন—এই তিনটি বিশেষ নিরাপত্তা জোনে ভাগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, জানাজার স্থান ও আশপাশে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। জানাজায় অংশগ্রহণকারীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের জন্য এই জোনিং ব্যবস্থা করা হয়েছে।

তিন স্তরের নিরাপত্তা জোন:

  • রেড জোন: এই জোনে অবস্থান করবেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভিআইপিরা।

  • গ্রিন জোন: এখানে অবস্থান করবেন বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

  • হোয়াইট জোন: এই জোনে অবস্থান করে জানাজায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও সর্বস্তরের শুভানুধ্যায়ীরা।

প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের কথা থাকলেও, বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে শেষ মুহূর্তে স্থান কিছুটা পরিবর্তন ও সম্প্রসারণ করা হয়েছে। এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করার জন্য বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হবে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার দাফন সম্পন্ন হবে। জানাজা ও দাফন প্রক্রিয়া চলাকালে সেনাবাহিনীর পক্ষ থেকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাফন চলাকালে পরিবারের সদস্য ও নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় গতকাল রাত থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন। এরই মধ্যে দাফনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে ধৈর্যের সাথে এবং শৃঙ্খলা বজায় রেখে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

-এম. এইচ. মামুন