উত্তর প্রদেশে জঙ্গিদের মুসলিম বিদ্বেষী স্লোগান ও তলোয়ার বিতরণ

ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রকাশ্যে তলোয়ার বিতরণ ও মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’-এর বিরুদ্ধে। গাজিয়াব্দের শালিমার গার্ডেন এলাকায় আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ সংগঠনটির ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা যায়, শালিমার গার্ডেন কলোনিতে আয়োজিত এক জমায়েতে দুই ডজনেরও বেশি তলোয়ার বিতরণকালে পুলিশ হস্তক্ষেপ করে। এ ঘটনায় হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ওরফে ‘পিঙ্কি’সহ মোট ১৭ জন পদাধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত ভূপেন্দ্র চৌধুরী পিঙ্কি পলাতক রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংগঠনের সদস্যরা উসকানিমূলকভাবে তলোয়ার প্রদর্শন করছেন এবং সাধারণ মানুষের হাতে তা তুলে দিচ্ছেন। একটি ভিডিওতে পলাতক সভাপতি পিঙ্কিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে হিন্দুদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানাতে শোনা যায়।

ভিডিওতে পিঙ্কিকে বলতে শোনা যায়, “নিজেদের রক্ষায় হিন্দুদের তলোয়ার রাখা উচিত। আমরা ইতিমধ্যে প্রায় ২৫০টি তলোয়ার বিতরণ করেছি এবং স্থানীয়ভাবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।” এ সময় তিনি হুমকি দিয়ে বলেন, হিন্দু রক্ষা দল প্রত্যেক ‘জিহাদিকে’ তাদের নিজস্ব ভাষায় জবাব দেবে।

শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং গণমাধ্যমকে জানিয়েছেন, জমায়েতের ঘটনায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। এফআইআরে নাম থাকা প্রধান অভিযুক্ত পিঙ্কিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। উসকানিমূলক এই কর্মকাণ্ডের ফলে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।