প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের (২০২৪) নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মূলত স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাজে সহযোগিতা এবং ওই মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতা প্রয়োগের জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

নিয়োগপ্রাপ্ত তিনজনের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র এবং অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এরপর গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন খোদা বকশ চৌধুরী। সর্বশেষ ডা. সায়েদুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্ত তিন বিশেষ সহকারীই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।