শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের শ্রীপুরে শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল পেরিয়ে বিকেল হলেও সূর্যের আলোর দেখা পাচ্ছে না শ্রীপুরবাসী। গত দুদিন ধরে আবহাওয়ার এমন পরিস্থিতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। এর প্রভাব এ অঞ্চলের কৃষকের ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
কৃষি কাজ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষকদের ফসল সুরক্ষায় আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এমনটাই জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মৃদু শৈত্যপ্রবাহের কারনে আজ সকালের দিকে বিভিন্ন স্থানে শীত নিবারনে আগুন পোহাতে দেখা গেছে মানুষদের।
দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেক দিনমজুর সকাল থেকেই কাজের সন্ধানে বের হলেও অধিকাংশ ক্ষেত্রে কাজ না পেয়ে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এতে করে তাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভোরের দিকে উপজেলার মাওনা, শ্রীপুর রেলস্টেশন ও বাজার সংলগ্ন স্থানে গ্রাম থেকে আসা দিনমজুররা কাজের আশায় জড়ো হচ্ছেন। মাটি কাটার ঝুড়ি, কোদাল ও অন্যান্য সরঞ্জাম হাতে নিয়ে বসে থাকলেও শীত ও কাজের অভাবে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
এক দিনমজুর জানান, গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। কুয়াশা আর বাতাসে শরীর কাঁপে। কাজের জন্য বের হই, কিন্তু কাজ মেলে না। আয় কমে যাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আরেক শ্রমিক তছলিম জানান, ভোরে সাইকেল নিয়ে বের হলে হাত-পা অবশ হয়ে আসে। শীতে কাজ পাওয়া কমে গেছে। দুই-তিনদিন ধরে কোনো কাজ পাচ্ছি না।
শ্রীপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় অসহায়, দিনমজুর ও দরিদ্র মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গত রাতে শ্রীপুর পৌরসভাস্থ রেলওয়ে স্টেশন সহ এর আশেপাশের এলাকায় ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজীব আহমেদ।
–
মাহমুদুল হাসান,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।










