ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে উঠছে

ক্রিকেট ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক—স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ—প্রকাশ্য নিলামে উঠতে যাচ্ছে। ১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি পরেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ব্র্যাডম্যান। পরে তিনি এটি উপহার দেন ভারতের অলরাউন্ডার শ্রীনিবাসা ওয়াসুদেব সোহোনিকে। সাত দশকেরও বেশি সময় পর এই প্রথম ক্যাপটি নিলামে তোলা হচ্ছে।

ভারতের স্বাধীনতার পর প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়া গিয়েছিল ভারতীয় দল। সেই ঐতিহাসিক সিরিজেই ব্র্যাডম্যানের কাছ থেকে ব্যাগি গ্রিন ক্যাপটি উপহার হিসেবে পেয়েছিলেন সোহোনি। নিলাম আয়োজকদের মতে, ক্যাপটির ঐতিহাসিক গুরুত্ব এবং নির্ভরযোগ্য মালিকানা ইতিহাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সংগ্রাহক ও প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক আগ্রহ তৈরি হবে।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) জানিয়েছে, ব্র্যাডম্যানের সময়কার অধিকাংশ ব্যাগি গ্রিন ক্যাপ বর্তমানে জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত। তবে এই ক্যাপটি কখনো জনসমক্ষে প্রদর্শিত হয়নি কিংবা বিক্রির জন্য তোলা হয়নি। ৭৫ বছরেরও বেশি সময় ধরে এটি সোহোনি পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

১৯৪৭–৪৮ মৌসুমে অনুষ্ঠিত সেই সিরিজে অস্ট্রেলিয়া ৪–০ ব্যবধানে ভারতকে হারিয়েছিল। সে সময় প্রত্যেক টেস্ট সিরিজের জন্য খেলোয়াড়দের আলাদা ব্যাগি গ্রিন ক্যাপ দেওয়া হতো। ফলে ব্র্যাডম্যানের ব্যবহৃত প্রতিটি ক্যাপই আলাদা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজটির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় এই ক্যাপটির মূল্য আরও বেড়েছে।

নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান লয়েডস অকশনসের প্রতিনিধি লি হেমস বলেন, “এটি ক্রিকেট ইতিহাসের একেবারে খাঁটি স্মারক, যা স্যার ডন ব্র্যাডম্যান নিজ হাতে উপহার দিয়েছিলেন। ব্র্যাডম্যান ও সোহোনির ব্যক্তিগত সম্পর্ক এবং ক্যাপটির নিরবচ্ছিন্ন মালিকানা ইতিহাস এটিকে সংগ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।”

এই ব্যাগি গ্রিন ক্যাপটির নিলামে প্রারম্ভিক দর ধরা হয়েছে মাত্র এক অস্ট্রেলিয়ান ডলার। আগামী ২৬ জানুয়ারি নিলাম শেষ হবে। ব্যক্তিগত সংগ্রাহক, জাদুঘর, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বড় অঙ্কে বিক্রি হয়েছে। ভারতের বিপক্ষে একই সিরিজের আরেকটি ক্যাপ গত বছর নিলামে বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপিতে। সব দিক বিবেচনায় ১৯৪৭–৪৮ মৌসুমের এই ব্যাগি গ্রিন ক্যাপটি ক্রিকেট স্মারক সংগ্রাহকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন আয়োজকেরা।

উল্লেখ্য, ডন ব্র্যাডম্যানকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। ওই সিরিজে তিনি ছয় ইনিংসে ৭১৫ রান করেন, গড় ছিল ১৭৮.৭৫। তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়াকে সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি।

এমইউএম/