খালেদা জিয়ার প্রয়াণে বিজিএমইএ-এর গভীর শোক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সমিতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের তৈরি পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। তিনি দেশের একজন কালজয়ী নেতা এবং শিল্প ও বাণিজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজিএমইএ জানায়, খালেদা জিয়ার সরকারের সময়ে তৈরি পোশাক খাতের জন্য সহায়ক নীতি ও প্রশাসনিক সহায়তা প্রদানের মাধ্যমে এই শিল্পকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। তিনি নারী শিক্ষার প্রসার ও দক্ষ শ্রমশক্তি তৈরির মাধ্যমে পোশাক শিল্পে নারী কর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

সমিতির বক্তব্যে বলা হয়, খালেদা জিয়ার অবদান বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে চিরস্মরণীয়। তার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম ও সংগ্রামের দৃষ্টান্ত দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আফরিনা সুলতানা/