দেশ ও জাতির জন্য অনন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার জানাজার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণার কথাও জানান তিনি। জানাজাসহ সব ধরনের শোক কর্মসূচি পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানান ড. ইউনূস।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় স্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।”
তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছেন তিনি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ড. ইউনূস বলেন, আল্লাহ যেন সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।
ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা অবিস্মরণীয়। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়।”
শোকাবহ এই সময়ে সবাইকে সংযম ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জানাজাসহ সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ভাষণের শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর জন্য ধৈর্য, শক্তি ও ঐক্য কামনা করেন।
এমইউএম/










