বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান এবার আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশি সহপেসার তাসকিন আহমেদ মনে করেন, মোস্তাফিজ এমন মূল্য পাওয়াই স্বাভাবিক। তাসকিন আরও বলেছেন, যদি ১৮ কোটি রুপিও পেতেন, তাতে কোনো অবাক হওয়ার কিছু থাকত না।
ঢাকা ক্যাপিটালসে যোগদানের পর সোমবার সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, “ফিজ বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত ও প্রমাণিত একজন প্লেয়ার ও প্রাপ্য। আইপিএলেও ইতিমধ্যে অনেক ম্যাচ খেলেছে এবং ভালো পারফর্ম করেছে। তাই ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেলে অবাক হওয়ার কিছু থাকত না। আশা করি, এভাবে আমাদের সব ক্রিকেটারের কদর বাড়বে।”
তাসকিন এবং মোস্তাফিজ সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন তাসকিন, আর দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজের শিকার ৮ ইনিংসে ১৫ উইকেট।
তাসকিন বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথমবার আইএল খেললাম। তিনজন বাংলাদেশি ছিলাম, রিশাদও বিগ ব্যাশ খেলছে। আমাদের জন্য এটি দারুণ অভিজ্ঞতা। ফিজও খুব ভালো করছে। এবার বিপিএল খেলেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি আরও মজবুত হবে।”
এমইউএম/










