ভোটে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ এনসিপির

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা দেওয়া, ব্যালট ছিনতাইসহ গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলামটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান।

মনিরা শারমিন জানান, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টরা ভোটকক্ষে অবস্থান নেন, যা নির্বাচনী বিধির পরিপন্থি। একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক পোলিং এজেন্ট থাকার বিষয় প্রকাশ হয়।

ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে, যা ঘটলে দায়ভার তারেক রহমানকে নিতে হবে। এ ছাড়া ঢাকা-৮, পাবনা-১, ব্রাহ্মণবাড়িয়া-৩, নোয়াখালী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, পিরোজপুর, নারায়ণগঞ্জ, নাটোর, যশোর, গাজীপুর ও মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র দখল, ভোটার ও পোলিং এজেন্টদের বাধা, সহিংসতা, ব্যালট ছিনতাই ও জোরপূর্বক ভোট প্রদানের অভিযোগ উঠেছে।

মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। লিখিত অভিযোগ দিলেও কার্যকর সমাধান হচ্ছে না। বিভিন্ন স্থানে ভোট রিগিং ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

-সাবরিনা রিমি