‘সমগ্র বাংলাদেশ আমার বাড়ি’: পটুয়াখালীর জনসভায় জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার কোনো নির্দিষ্ট জেলা নেই, বরং পুরো বাংলাদেশই তার ঘর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান বলেন, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করে—আপনার কোন জেলা? আমি বলি, সাধারণ পরিবহন—সমগ্র বাংলাদেশ। যে রাস্তায় যখন প্রয়োজন, সেখানে আমি পৌঁছে যাই।” তিনি বরিশাল ও পটুয়াখালীর মানুষের নদীভাঙন ও বঞ্চনার কথা উল্লেখ করে প্রতিশ্রুতি দেন যে, জামায়াত সুযোগ পেলে বঞ্চনার অবসান ঘটাবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ‘মামু-খালুর’ তদবির চলবে না এবং ন্যায্যতার ভিত্তিতে অবহেলিত এলাকা থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, “বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে দুটি ভোট দিতে হবে। প্রথমটি হলো গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে ‘হ্যাঁ’ জয়ী হবে এবং বাংলাদেশ জিতে যাবে।”

দেশের অর্থপাচার ও ব্যাংক লুটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে পাচার করা টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ আর বরদাশত করা হবে না। আমরা চাঁদাবাজি করি না, কাউকেও চাঁদাবাজি করতে দেব না। মিথ্যা মামলা দিয়ে যারা মানুষের জীবন ধ্বংস করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জামায়াত আমির পটুয়াখালীর চারটি আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

লামিয়া আক্তার