সোশ্যাল মিডিয়ায় স্ক্যামের শিকার তামিল অভিনেতা

ভারতের জনপ্রিয় তামিল সংগীত পরিচালক ও অভিনেতা জি ভি প্রকাশ কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রতারণার ফাঁদে পড়েছেন। এক ব্যক্তির আবেগঘন পোস্টে বিশ্বাস করে তিনি অনলাইনে ২০ হাজার টাকা পাঠান। পরে নেটিজেনদের সতর্কবার্তায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলেও ততক্ষণে আর কিছু করার ছিল না।

ঘটনার সূত্রপাত ২৫ ডিসেম্বর। ‘প্রসন্ন সদীশ’ নামে একটি অ্যাকাউন্ট ও ‘মম লিটল কিং’ হ্যান্ডেল থেকে একটি করুণ পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, ওই ব্যক্তির মা সারা জীবন তাঁকে ও তাঁর ছোট বোনকে লালন-পালন করেছেন এবং সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে। মায়ের শেষকৃত্যের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। সকাল ১১টা ১২ মিনিটে প্রথম পোস্টটি করা হলেও তাতে বিশেষ সাড়া পাওয়া যায়নি।

এরপর দুপুর ১টা ৫৯ মিনিটে জি ভি প্রকাশ কুমারকে ট্যাগ করে আবার আবেদন জানানো হয়। অবশেষে দুপুর ২টা ২৪ মিনিটে প্রকাশ কুমার ওই পোস্টে সাড়া দেন এবং জিপে নম্বর চান। মাত্র চার মিনিটের মধ্যেই, দুপুর ২টা ২৮ মিনিটে তিনি ২০ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর স্ক্রিনশটও তিনি প্রকাশ্যে শেয়ার করেন। অর্থ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি প্রকাশ কুমারকে ধন্যবাদ জানান।

শুরুতে অনেক নেটিজেন অভিনেতার মানবিকতায় প্রশংসা করেন। মন্তব্যে কেউ কেউ লেখেন, তিনি সত্যিই বড় মনের মানুষ। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। পোস্টে ‘কমিউনিটি নোট’ যোগ করে জানানো হয়, যে ছবিকে মৃত মায়ের ছবি বলে দাবি করা হয়েছে, সেই ব্যক্তি আসলে ২০২২ সালেই মারা গিয়েছেন। অভিযোগ ওঠে, একই ছবি ব্যবহার করে বারবার মানুষকে প্রতারণা করা হচ্ছে।

অনেকে মন্তব্যে লেখেন, প্রকাশ কুমার স্ক্যামের শিকার হয়েছেন। কেউ কেউ জানান, একই কাহিনি শুনে তাঁরাও টাকা পাঠিয়েছেন। বেশ কয়েকজন নেটিজেন অভিনেতাকে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জি ভি প্রকাশ কুমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা ফের একবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন যাচাই না করে অর্থ পাঠানোর ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। অনেকের মতে, আবেগকে হাতিয়ার করে প্রতারকরা এখন প্রকাশ্যেই তারকাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

বিথী রানী মণ্ডল/