প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামের সাতটি সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন, মশালমিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এর আগে এ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে ওই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত সালাউদ্দিনকে পরিবর্তন করে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল।
চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগর এলাকায় ৪টি, উত্তর চট্টগ্রামে ৭টি এবং দক্ষিণ চট্টগ্রামে ৫টি আসন। ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রার্থী হওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। গতকাল শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে মোট ১৫০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
তবে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে বিএনপির মোট ৫৩ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির ১৩ জন প্রার্থীও মনোনয়ন ফরম নিয়েছেন। অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ প্রার্থী দলীয় মনোনয়নের বাইরে থেকে ফরম সংগ্রহ করেছেন। কোনো কোনো আসনে সর্বোচ্চ আটজন পর্যন্ত বিএনপির নেতা মনোনয়ন ফরম নিয়েছেন।
এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন পরিবর্তন করা হয়েছে। তার আগের আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকেও চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল।
প্রার্থী পরিবর্তন ও একাধিক নেতার মনোনয়ন ফরম সংগ্রহের ফলে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনী প্রস্তুতি নতুন করে আলোচনায় এসেছে।
এমইউএম/










