ঋষভ শেঠি আনছেন নতুন বছরের বিশেষ বার্তা

কন্নড় সিনেমার অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি বলিউডে শুধু একজন তারকা নন, বরং শক্তিশালী সৃজনশীল প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করা ঋষভ শেঠি পরে অভিনেতা হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। কয়েক বছর পর তিনি পরিচালনার দুনিয়ায় পা রাখেন এবং ৬টি সিনেমা নির্মাণ করেন, যার মধ্যে দুটি সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছে।

ঋষভ শেঠির নির্মিত কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির পর বক্স অফিসে দাপিয়ে বেড়ায় এবং বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করে। শুধু বক্স অফিস সাফল্য নয়, সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সিনেমাটি স্থানীয় সংস্কৃতির শিকড়কে কেন্দ্র করে প্রথাগত গল্প বলার ধরণকে নতুনভাবে তুলে ধরেছে।

‘কানতারা’র সাফল্যের পর নির্মিত হয়েছে প্রিকুয়েল ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পায়। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। সিনেমাটি বক্স অফিসে ৮৫২ কোটি রুপি আয় করেছে, যা ঋষভ শেঠিকে ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হিসেবে ঋষভ শেঠি নতুন প্রজন্মের অভিনেতা, পরিচালক ও লেখক হিসেবে সুপারস্টার হয়ে উঠেছেন।

সাম্প্রতিক বছরের সাফল্যের পর ঋষভ শেঠি নতুন বছরের পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আগামী বছরে আমি কাজের ধরনে কিছুটা পরিবর্তন আনব। শুটিং করব, তবে এবার একজন অভিনেতা হিসেবে। আপাতত কোনো সিনেমা পরিচালনা করার পরিকল্পনা নেই।” তাঁর পরবর্তী সিনেমা ‘জয় হনুমান’, যা পরিচালনা করবেন প্রশান্ত ভার্মা।

ঋষভ আরও জানান, “আগামী বছর আমি আমার নতুন প্রজেক্টের লেখালেখি শুরু করব এবং প্রি-প্রোডাকশন প্রক্রিয়া এগিয়ে নেব। ভক্তদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছি এবং ২০২৬ সালে বড় একটি ঘোষণা দেব।”

সফলতার এক বছরের পর ঋষভ শেঠি নতুন বছরে নিজেকে প্রস্তুত করছেন অভিনয় ও সৃজনশীলতার নতুন দিকগুলো নিয়ে। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন প্রজেক্ট ও ঘোষণার জন্য, যা তাকে আরও সুপরিচিত করবে ও ভারতীয় সিনেমায় তার প্রভাবকে আরও দৃঢ় করবে।

 

বিথী রানী মণ্ডল/