ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি কবরস্থান এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের একটি কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়া পুকুর গ্রামে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি, একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।










