চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে পোর্তোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। পর্তুগিজ ক্লাব সূত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিজ প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই মৌসুম কাটানোর পর ইউরোপে ফিরে এসে পোর্তোয় থিতু হলেন। সময়ের পরিক্রমায় এটি সিলভার জন্য এক ধরনের প্রত্যাবর্তনও বটে।
এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে, ২০০৪–০৫ মৌসুমে পোর্তো-বি দলের হয়ে খেলেছিলেন থিয়াগো সিলভা। এরপর তিনি রাশিয়ার ডিনামো মস্কোতে যোগ দেন। ইউরোপীয় ফুটবলে সেভাবে থিতু হওয়ার আগে ফ্লামিনেন্সের সিনিয়র দলে সুযোগ পান তিনি।
ব্রাজিল ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে সিলভা ইউরোপে নিজের পরিচিতি গড়ে তোলেন। মিলানের হয়ে সিরি ‘এ’ শিরোপা জয়ের পর ২০১২ সালে তিনি পিএসজিতে যোগ দেন। সেখানে সাতটি ফরাসি লিগ শিরোপাসহ একাধিক ট্রফি জেতেন তিনি।
২০২০ সালে পিএসজি ছাড়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেন সিলভা। লন্ডনের ক্লাবটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের মাধ্যমে নিজের অভিজ্ঞতার প্রমাণ দেন তিনি।
বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৩২টি শিরোপা জিতেছেন থিয়াগো সিলভা। বর্তমানে প্রিমিয়ারা লিগায় পাঁচ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা পোর্তোর হয়ে আরও একটি শিরোপা জয়ের আশা করতেই পারেন এই অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এমইউএম/










