দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ

বাংলাদেশে স্বর্ণের দাম বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ২২ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,১৮,১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২১ ডিসেম্বর রাতে এই নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়  । স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

সোমবার (২২ ডিসেম্বর) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছরে ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

মামুন