বরিশাল মেট্রোপলিটন পুলিশের বার্ষিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বার্ষিক মাস্টার প্যারেড আজ রোববার সকাল সাড়ে ৮টায় রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার উপস্থিত অফিসার ও ফোর্সদের ড্রেসরুলস এবং সার্বিক শৃঙ্খলার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন। একইসঙ্গে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং প্যারেড অনুশীলনের ওপর গুরুত্বারোপ করে বাহিনীর সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার (পিপিএম), ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন (পিপিএম), উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজ হোসেন (পিপিএম) এবং সিএসবি শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান।

মাস্টার প্যারেডে বিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।

মামুন