রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। আজ রোববার সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন।
ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাঁদের সবাইকে কল করেন সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে তাঁদের উদ্দেশে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন।
আম্মারের তৈরি করা পদত্যাগপত্রে সংশ্লিষ্ট প্রতিটি ডিনের নাম উল্লেখ করা হয়েছে। উপাচার্য বরাবর লেখা ওই পত্রে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় তাঁদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ওই সময়ের কিছু সিদ্ধান্ত, বক্তব্য ও অবস্থান শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল, এমন অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়।
পদত্যাগপত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা স্বেচ্ছায় ডিনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই ছয় ডিন হলেন আইন অনুষদের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।
রাকসু ভবনের সামনে দাঁড়িয়ে আম্মার বলেন, ডিনদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ ক্যাম্পাসে উপস্থিত নন। ফোনে তাঁরা জানিয়েছেন, তাঁরা আর এই দায়িত্বে থাকতে চান না।
-মাহমুদ










