নিখোঁজের ১০ দিন পর সাঁকোর নিচে কচুরি পানায় আটকে ছিল নারীর লাশ

শিউলি বেগম নামে নিখোঁজের ১০ দিন পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বুড়াইল নদীর একটি সাঁকোর নিচে কচুরি পানার সঙ্গে আটকে থাকা শিউলি বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে সুন্দরগঞ্জ উপজেলার বুড়াইল নদীর বাঁশের সাঁকোর নিচে কচুরি পানার মধ্যে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সুন্দরগঞ্জ থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে।

মৃত শিউলি বেগম (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

৯ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে বের হন ওই নারী। এরপর বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা সন্ধান করেন। কিন্তু তাকে সম্ভাব্য স্থানে খুঁজে না পাওয়ায় নারীর ছেলে রেজোয়ান মিয়া ১৫ ডিসেম্বর নিখোঁজ হিসাবে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ওই সময় সাঁকোর খুঁটিতে আটকে থাকা কচুরি পানার সঙ্গে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে ওই নারী  মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।