দোহার-নবাবগঞ্জ উপজেলায় মিলে ঢাকা ০১ আসন গঠিত। পবিত্র শবে বরাতের রাতে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনার আমির হোসেনকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় দোহারের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় যুবদল নেতা মো. কামালকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আহত আমির হোসেন (২৩) জামায়াতে ইসলামীর একজন কর্মী।
মামলার বাদী হিমু আক্তার (২২) জানান, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ থানাধীন জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুয়াহাটিস্থ বাঁশের মেলায় তার স্বামী মো. আমির হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন মো. কামাল (৪৫)। তার সঙ্গে মো. আতিক (৩৫), মো. মজনু (৫০), মো. সাকিব (২২), মো. সাকিল (২১), মো. রাব্বি (২২), মো. জন (২০), মো. বায়েজিত (২১), মো. পারভেজ (১৯), মো. ইব্রাহীম (১৯)সহ অজ্ঞাতনামা আরও ৫–৬ জন অংশ নেয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে প্রধান আসামি মো. কামাল ধারালো দা দিয়ে আমির হোসেনের মাথার পেছনে কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য আসামিরা ছুরি ও রড দিয়ে তার পিঠ, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আমির হোসেনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ থানায় দণ্ডবিধির ১৫৬/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
মাহমুদুল হাসান সুমন,দোহার-নবাবগঞ্জ










